নির্বাচনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি আরও জোরদার করতে সাইবার সিকিউরিটি মনিটরিং সেল গঠন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে চিহ্নিত অপরাধী ও অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের ওপর বাড়তি নজরদারিও নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আইন-শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সঙ্গে চূড়ান্ত সমন্বয় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
ইসি সচিব বলেন, “নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার ও নির্বাচনবিরোধী কর্মকাণ্ড মনিটরিংয়ের জন্য বিশেষ সাইবার সিকিউরিটি মনিটরিং সেল গঠন করা হচ্ছে।”
তিনি জানান, আইন-শৃঙ্খলা বাহিনীকে তিন ধাপে মোতায়েন করা হবে— কেন্দ্রভিত্তিক বাহিনী, মোবাইল টিম, এবং স্ট্রাইকিং ফোর্স ও সেন্ট্রাল রিজার্ভ ইউনিট। সাইবার নজরদারিতে এনটিএমসির বিশেষ অ্যাপ ব্যবহার করা হবে।
এ ছাড়া চিহ্নিত সন্ত্রাসী ও নাশকতাকারী হিসেবে পরিচিত ব্যক্তিদের ওপর নজরদারি আরও বাড়ানো হবে বলেও জানান তিনি।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে নির্বাচন কমিশনার এবং বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

