সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

“সংকটাপন্ন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, দেশজুড়ে দোয়ার আহ্বান”

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটময়’ বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

- Advertisement -

শুক্রবার (২৮ নভেম্বর) জুমার নামাজ শেষে রাজধানীর নয়া পল্টন কেন্দ্রীয় জামে মসজিদে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত বিশেষ দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল জানান, “গতকাল রাতে (বৃহস্পতিবার) চিকিৎসকরা আমাদের জানিয়েছেন, ম্যাডামের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। সে কারণে বিএনপির পক্ষ থেকে সারাদেশের জনগণের কাছে এবং দেশের সব মসজিদে মসজিদে দোয়ার আহ্বান জানানো হয়েছে। আজ আমরা নয়া পল্টনের এ মসজিদেও বিশেষ দোয়া করেছি।”

তিনি আরও বলেন, “আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করেছি, তিনি যেন ম্যাডামকে সম্পূর্ণ সুস্থ করে তোলেন এবং আবার তাকে সুস্থ অবস্থায় দেশবাসীর মাঝে ফিরিয়ে দেন। আমরা আবারও দেশের মানুষের কাছে তার রোগমুক্তির জন্য দোয়া কামনা করছি।”

৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ কিডনি, লিভার, ফুসফুস ও চোখের নানা জটিলতায় ভুগছেন।

এর আগে সকালে জাতীয় প্রেসক্লাবে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলনেও বিএনপি মহাসচিব খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা তুলে ধরে দেশবাসীর কাছে দোয়া চান।

তিনি বলেন, “ম্যাডাম বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমি গতরাতে প্রায় রাত ২টার দিকে হাসপাতাল থেকে ফিরেছি। তখনও চিকিৎসকরা তার চিকিৎসায় নিরলসভাবে কাজ করছিলেন।”

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজধানীসহ সারা দেশের বিভিন্ন মসজিদে বাদ জুম্মা বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর রাতে মেডিকেল বোর্ডের পরামর্শে বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন রাতেই মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফ এম সিদ্দিকী জানান, তার ফুসফুসে সংক্রমণ (ইনফেকশন) ধরা পড়েছে এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।

সর্বশেষ

এই বিভাগের আরও