কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি এলজি ও এক রাউন্ড কার্তুজসহ তিনজন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) গভীর রাতে পৌরসভাস্থ বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুখে প্রধান সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় বাস টার্মিনাল থেকে বাজারঘাটা গামী একটি সিএনজি অটোরিকশাকে থামার সংকেত দিলে গাড়িতে থাকা যাত্রীরা পালানোর চেষ্টা করে।
পুলিশ দ্রুত ধাওয়া করে তিনজনকে আটক করতে সক্ষম হয়। পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— কক্সবাজার শহরের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রুমালিয়ারছড়া পিটি স্কুল এলাকার মৃত খোরশেদ আলমের পুত্র সাইফুল ইসলাম প্রকাশ ইকবাল (৩০), কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের করিম সিকদার পাড়ার মো. ইউনুসের ছেলে মো. রিদুয়ান হোসাইন (২০) এবং একই গ্রামের মো. বাবুলের পুত্র মো. ফাহিম (২০)।
কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া ফোকাল পয়েন্ট অলক বিশ্বাস জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

