সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মিরসরাইয়ে পিকআপের ভয়ানক দুর্ঘটনা—একজনের মৃত্যু, একজন হাসপাতালে

সাফায়েত মেহেদি, মিরসরাই প্রতিনিধি:

চট্টগ্রামের মিরসরাইয়ে চলন্ত অজ্ঞাত একটি গাড়ির পেছনে ফল ও সবজি বোঝাই পিকআপ ভ্যান ধাক্কা দিলে মোহাম্মদ শফিউল (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

- Advertisement -

শনিবার (২৯ নভেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর উত্তর বাইপাস এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শফিউল কক্সবাজারের রামু উপজেলার বাসিন্দা। দুর্ঘটনায় পিকআপ ভ্যানে থাকা লোকমান হাসেম (৩৬) গুরুতর আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ব্যবসার উদ্দেশ্যে ঢাকা থেকে আনারস, পেঁপে ও কাঁচামরিচ নিয়ে পিকআপটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথিমধ্যে নিজামপুর এলাকায় পৌঁছালে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অজ্ঞাত গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনার সঙ্গে সঙ্গেই শফিউলের মৃত্যু হয়।

মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা আহামেদ হোসেন জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। এক আহত ও এক মৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়।

কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুর্ঘটনাকবলিত পিকআপটি হেফাজতে নেওয়া হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেপরোয়া গতি ও ঘুমভাব নিয়ে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনাটি ঘটেছে। পাশাপাশি অজ্ঞাত গাড়িটিকে শনাক্ত করার চেষ্টা চলছে।

সর্বশেষ

এই বিভাগের আরও