সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

‘চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া’—জানালেন ডা. জাহিদ হোসেন

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং তার অবস্থা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

- Advertisement -

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালের মূল ফটকের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে ব্রিফ করেন।

ডা. জাহিদ জানান, খালেদা জিয়া বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি যৌথ মেডিকেল টিমের অধীনে চিকিৎসাধীন আছেন।

তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিকভাবে চিকিৎসা তদারকি করছেন এবং দেশি-বিদেশি চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন। দলের মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য এবং অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট নেতারাও হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছেন।

খালেদা জিয়াকে দেশের বাইরে নেওয়ার বিষয়ে ডা. জাহিদ বলেন, মেডিকেল বোর্ড যদি মনে করে তিনি ‘ট্রান্সফারেবল’ এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া জরুরি, তখনই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, সব প্রস্তুতি থাকলেও রোগীর বর্তমান অবস্থা এবং বোর্ডের পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই।

সাম্প্রতিক বিভিন্ন গুজবের প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, দলের পক্ষ থেকে জানানো হয়েছে—খালেদা জিয়ার স্বাস্থ্য সংক্রান্ত ব্রিফিং করবেন তিনি (ডা. জাহিদ হোসেন) এবং স্বাস্থ্য ব্যতীত অন্যান্য বিষয়ে ব্রিফিং করবেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবী। “এর বাইরে অন্য কারো ব্রিফিংয়ে কান না দেওয়ার জন্য দল অনুরোধ করেছে,” বলেন ডা. জাহিদ।

হাসপাতাল সূত্র জানায়, খালেদা জিয়ার নিরাপত্তা নিশ্চিত করা, রোগীদের নির্বিঘ্ন চলাচল বজায় রাখা এবং ভিড় নিয়ন্ত্রণে রাখতে হাসপাতাল এলাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে। গত রাত ২টার দিকে হাসপাতালের মূল ফটকের সামনে পুলিশ ব্যারিকেড বসায় এবং আশপাশে অনাকাঙ্ক্ষিত ভিড় করতে দেওয়া হচ্ছে না।

গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। পরীক্ষায় তার ফুসফুসে ইনফেকশন ধরা পড়ে। পরে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়।

অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা পরিচালনা করছে।

সর্বশেষ

এই বিভাগের আরও