বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার খোঁজ নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে তিনি হাসপাতালে প্রবেশ করেন এবং প্রায় আধা ঘণ্টা রোগীর চিকিৎসা ও শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।
হাসপাতালে তাকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জে এম জাহিদ হোসেন, অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, পরিবারের সদস্য সৈয়দা শর্মিলা রহমান ও শামীম এসকান্দার। পরে প্রধান উপদেষ্টা সিসিইউতে গিয়ে চিকিৎসক দলের সঙ্গে কথা বলেন।
চিকিৎসকরা জানান, যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই, জনস হপকিন্সসহ যুক্তরাজ্য, চীন ও অন্যান্য দেশের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।
প্রধান উপদেষ্টা সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর প্রতি দোয়া ও প্রার্থনার আহ্বান জানান। এসময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানও তার সঙ্গে ছিলেন।
প্রধান উপদেষ্টার আগমনকে কেন্দ্র করে হাসপাতালে নিরাপত্তা জোরদার করা হয়। এসএসএফ, পিজিআর, বিজিবি ও পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। প্রধান ফটক কাঁটাতারের ব্যারিকেড দিয়ে নিয়ন্ত্রণে রাখা হয়।
এর আগে মঙ্গলবার রাতে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে যান। একই রাতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও তাকে দেখতে যান।

