দুই দিনের ব্যবধানে রাজধানীর খুচরা বাজারে পেঁয়াজের দাম কেজিতে ৪০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) ঢাকা শহরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, দেশীয় পেঁয়াজ প্রতি কেজি ১৪০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে, যা মাত্র দুদিন আগেও ছিল ১১০ থেকে ১২০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কমে যাওয়ায় দাম বাড়ছে।
ক্রেতারা অভিযোগ করে জানান, পেঁয়াজের হঠাৎ এমন দাম বৃদ্ধিতে তারা হতবাক। অনেকে বাজারে গিয়ে তর্ক–বিতর্কেও জড়াচ্ছেন। শীতকালেও সবজির বাজারে স্বস্তি ফিরে না আসায় ভোক্তাদের ভোগান্তি বাড়ছে।
ভাসানটেক কিচেন মার্কেটের শহীদ জেনারেল স্টোরের মালিক মোহাম্মদ সিয়াম বলেন, “পরিবহন খরচসহ পাইকারিতে পেঁয়াজ কিনছি ১৪৫ টাকায়। আকারভেদে আমরা ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি করছি।”
কারওয়ান বাজারের ‘মাতৃ ভাণ্ডার’-এর মালিক সজীব শেখ জানান, ফরিদপুর, রাজবাড়ী ও পাবনার হাটে গত দুই দিনে প্রতি কেজিতে ৪০ টাকা বেশি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে। তিনি বলেন, “ফরিদপুর হাটে ৮০ বস্তা পেঁয়াজ কেনার পরিকল্পনা ছিল। কিন্তু সরবরাহ কম থাকায় মাত্র ২০ বস্তা কিনতে পেরেছি।”
এদিকে, শ্যামবাজার পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও আমদানিকারক মোহাম্মদ আব্দুল মাজেদ বলেন, বাজারে সরবরাহ কম থাকায় দাম বৃদ্ধি পেয়েছে।
তিনি দাবি করেন, “দুই মাস ধরে আমদানির চেষ্টা করছি, কিন্তু এখনো অনুমতি পাইনি। প্রতিবেশী দেশে এখন পেঁয়াজের দাম মাত্র ১০ টাকা কেজি। অনুমতি পেলে খরচসহ ৩০-৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করা সম্ভব হতো। এতে বাজার স্বাভাবিক হয়ে যেত।”
তিনি আরও জানান, দেশের নতুন পেঁয়াজ বাজারে আসতে আরও এক থেকে দেড় মাস লাগবে। এরপর হয়তো পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।

