বিশ্বজুড়ে সংঘাত নিরসন ও শান্তি প্রতিষ্ঠায় ভূমিকার স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া হয়েছে ফিফার প্রথম শান্তি পুরস্কার। শুক্রবার (৫ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ড্র অনুষ্ঠানে তার হাতে পদক তুলে দেন সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
এবারই প্রথম শান্তি পুরস্কার ঘোষণা করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটি জানায়, শান্তির জন্য ব্যতিক্রমী অবদান ও মানুষকে ঐক্যবদ্ধ করার ভূমিকার স্বীকৃতি হিসেবে বিশ্বের ৫০০ কোটির বেশি ফুটবলভক্তদের পক্ষ থেকে প্রদান করা হয়েছে এ সম্মান।
পুরস্কার গ্রহণ করে ট্রাম্প বলেন, “পৃথিবী এখন অনেক বেশি নিরাপদ। এটি আমার জীবনের অন্যতম সেরা সম্মান। আমরা লাখো মানুষের জীবন বাঁচিয়েছি। যেমন কঙ্গোর সংকট কিংবা ভারত-পাকিস্তানের যুদ্ধ শুরুর আগেই বন্ধ করা—এসবই বড় সাফল্য।”
ইনফান্তিনো অনুষ্ঠানে উপস্থিত থেকেই পুরস্কারের সার্টিফিকেটের অংশ পড়ে শোনান এবং ট্রাম্পের ভূমিকার প্রশংসা করেন। এর আগে নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন ঘোষণার সময়ও ট্রাম্পের পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়েছিলেন তিনি।
এদিকে অনুষ্ঠানটি ছিল বহুল প্রত্যাশিত বিশ্বকাপ ড্র। আগামী ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে ৪৮ দল নিয়ে হবে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। ড্রয়ের মাধ্যমে ১২টি গ্রুপে দলগুলোকে ভাগ করা হয়—যেখানে ‘এ’ গ্রুপে মেক্সিকো, ‘ডি’ গ্রুপে স্বাগতিক যুক্তরাষ্ট্র এবং ‘জে’ গ্রুপে জায়গা পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
শান্তি পুরস্কার ঘোষণার পর ফুটবল ও রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা। অনেকে এটিকে শান্তির রাজনীতিতে বড় ইঙ্গিত বলে মনে করছেন।

