রাজশাহীর তানোর উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে উদ্ধার করা গেলেও বাঁচানো সম্ভব হয়নি। অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত সোয়া ১০টায় জানান, শিশুটিকে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়েছে।
শিশুটিকে উদ্ধার করা হয় বৃহস্পতিবার রাতে, মাটির অন্তত ৫০ ফুট গভীর গর্ত থেকে। টানা ৩২ ঘণ্টা নিখোঁজ থাকার পর ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে তানোর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, গতকাল বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে জমি থেকে মাটি আনার সময় একটি ট্রলি আটকে যায়। শিশুটির মা ও পিতা তাদের দুই বছরের ছেলেকে নিয়ে ট্রলিটির দিকে যান। শিশুটি মায়ের কোল থেকে নেমে জমির মধ্যে হাঁটছিল এবং কোনো এক সময় পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যায়। এরপর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের দ্রুত ও তৎপর অভিযান হলেও, দীর্ঘ ৩২ ঘণ্টা নিখোঁজ থাকার কারণে শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।

