ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির হত্যাচেষ্টায় জড়িত ব্যক্তিদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শরিফ ওসমান হাদির হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে সরকার ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। সবাই তার জন্য দোয়া করবেন। সবার দোয়ায় তিনি আমাদের মাঝে আবার ফিরে আসতে পারবেন।
তিনি আরও বলেন, আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে। আশা করছি, সবার সহযোগিতায় খুব দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।
আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনে যারা অংশ নেবেন, তাদের প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করা হবে। এতদিন শুধু সরকারি কর্মচারীদের অস্ত্রের লাইসেন্স দেওয়া হতো। এখন নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরাও প্রয়োজনে অস্ত্রের লাইসেন্স পাবেন। যাদের অস্ত্র জমা আছে, সেগুলোও ফেরত দেওয়া হবে।
তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখসারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে সরকার বিশেষ ব্যবস্থা নিচ্ছে এবং এ বিষয়ে সরকার বদ্ধপরিকর।
হত্যাচেষ্টা মামলার আসামিদের জামিন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গ্রেপ্তারের দায়িত্ব আমাদের। তবে জামিন দেওয়ার এখতিয়ার আদালতের। তারপরও আমরা তাদের আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রেখেছি।
এদিকে আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে নিরাপত্তা ঝুঁকি আছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, তার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

