দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ৪৫৩ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। ফলে সবচেয়ে ভালো মানের সোনার দাম দুই লাখ ১৫ হাজার টাকা ছাড়িয়ে গেছে।
শনিবার (১৩ ডিসেম্বর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন নির্ধারিত দাম রোববার (১৪ ডিসেম্বর) থেকে দেশের সব জুয়েলারি বাজারে কার্যকর হবে।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে সোনার দাম বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দামের সঙ্গে সমন্বয় করে এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে বৈশ্বিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৩০০ ডলার ছাড়িয়েছে।
নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৫ হাজার ৫৯৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫ হাজার ৮০০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৬ হাজার ৩৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৬ হাজার ৮৩৮ টাকা।
একই সঙ্গে রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হবে ৪ হাজার ৫৭২ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৩৬২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৮০০ টাকা।
বাজুসের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারের গতিবিধি বিবেচনায় ভবিষ্যতেও সোনার দামে পরিবর্তন আসতে পারে।

