রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলা যুদ্ধাপরাধ: গুতেরেস

আন্তর্জাতিক ডেস্ক

যুদ্ধবিধ্বস্ত সুদানে ড্রোন হামলায় জাতিসংঘের স্থাপনায় কর্মরত ৬ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৮ জন। হতাহতরা সবাই আবেই অঞ্চলে জাতিসংঘের অন্তর্বর্তী নিরাপত্তা বাহিনী (ইউএনআইএসএফএ)-তে কর্মরত বাংলাদেশি কন্টিনজেন্টের সদস্য।

- Advertisement -

শনিবার (১৩ ডিসেম্বর) সুদানের দক্ষিণ কর্ডোফান প্রদেশের কাদুগলি শহরে অবস্থিত জাতিসংঘ শান্তিরক্ষী সরবরাহ ঘাঁটিতে এই ভয়াবহ ড্রোন হামলার ঘটনা ঘটে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, নিহত ছয়জন ও আহত আটজনই বাংলাদেশের নাগরিক। তারা সবাই ইউএনআইএসএফএ মিশনের আওতায় আবেই অঞ্চলে দায়িত্ব পালন করছিলেন।

এই হামলার তীব্র নিন্দা জানিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বিবৃতিতে বাংলাদেশ সরকার ও জনগণের পাশাপাশি নিহত শান্তিরক্ষীদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

বিবৃতিতে গুতেরেস বলেন, “সুদানের কাদুগলিতে জাতিসংঘ শান্তিরক্ষী সরবরাহ ঘাঁটিতে সংঘটিত ভয়াবহ ড্রোন হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। জাতিসংঘ শান্তিরক্ষীদের লক্ষ্য করে হামলা আন্তর্জাতিক আইনের অধীনে যুদ্ধাপরাধের শামিল। এই অযৌক্তিক হামলার জন্য জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।”

সুদানের সেনাবাহিনী এই হামলার জন্য আধা-সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-কে দায়ী করেছে। এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, এই হামলা ‘বিদ্রোহী মিলিশিয়া ও তাদের পেছনে থাকা শক্তির ধ্বংসাত্মক মনোভাবের বহিঃপ্রকাশ’। সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে জাতিসংঘের স্থাপনার ওপর ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। তবে এ ঘটনায় আরএসএফের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে হামলার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি জাতিসংঘের কাছে বাংলাদেশি শান্তিরক্ষীদের জন্য প্রয়োজনীয় সব ধরনের জরুরি সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বলেন, “এই কঠিন সময়ে বাংলাদেশ সরকার নিহত ও আহতদের পরিবারের পাশে থাকবে।”

তেলসমৃদ্ধ আবেই অঞ্চলটি সুদান ও দক্ষিণ সুদানের মধ্যে দীর্ঘদিনের বিরোধপূর্ণ এলাকা। ২০১১ সাল থেকে সেখানে জাতিসংঘ মিশন মোতায়েন রয়েছে। বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিশ্বের অন্যতম বৃহৎ অবদানকারী দেশ। বর্তমানে ইউএনআইএসএফএ মিশনে প্রায় চার হাজার পুলিশ ও সৈন্য বেসামরিক নাগরিকদের সুরক্ষায় নিয়োজিত রয়েছেন।

জাতিসংঘ মহাসচিব সুদানে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে চলমান সংঘাতে এখন পর্যন্ত ৪০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

সর্বশেষ

এই বিভাগের আরও