দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪৭০ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি করা হয়েছে। এতে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের ভরি ছুঁয়েছে ২ লাখ ১৭ হাজার টাকার বেশি। নতুন এই দাম মঙ্গলবার (১৬ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৬৭ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ২১১ টাকায়। ১৮ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭৭ হাজার ৬৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হবে প্রতি ভরি ১ লাখ ৪৭ হাজার ৯০০ টাকায়।
স্বর্ণ বিক্রির ক্ষেত্রে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গয়নার নকশা ও মানভেদে মজুরির পরিমাণ ভিন্ন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।
এর আগে গত ১১ ডিসেম্বর স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছিল, যা ১২ ডিসেম্বর থেকে কার্যকর হয়।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৫৭২ টাকায়। ২১ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ৩৬২ টাকা, ১৮ ক্যারেটের দাম ৩ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৭৯৯ টাকায়।
চলতি বছরে এখন পর্যন্ত মোট ১০ বার রুপার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৭ বার এবং কমেছে ৩ বার।

