ভারতের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সম্পর্কে শুরু থেকেই ‘টানাপোড়েন’ রয়েছে—এ কথা স্বীকার করেছেন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে এই বাস্তবতা মেনেই ভারতের সঙ্গে একটি ইতিবাচক ও কার্যকর সম্পর্ক গড়ে তুলতে চেষ্টা চালাচ্ছে বর্তমান সরকার বলে জানিয়েছেন তিনি।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ওইদিন দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনারকে ডেকে পাঠানো প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, বিষয়টি খুব অপ্রত্যাশিত কিছু নয়। কূটনৈতিক অঙ্গনে এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে।
তিনি বলেন, “সাধারণত একজনকে ডাকলে আরেকজনকে ডাকা হয়—এটা নতুন কিছু না।”
ভারত–বাংলাদেশ সম্পর্কের বর্তমান পরিস্থিতি তুলে ধরে পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার শুরু থেকেই দুই দেশের সম্পর্কে কিছুটা টানাপোড়েন বিদ্যমান। তবে সেই বাস্তবতা অস্বীকার না করে সরকার সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তৌহিদ হোসেন বলেন, “আমরা চাইলেই যে সবকিছু হবে, এমন নয়। সম্পর্ক এগোতে হলে দুই পক্ষকেই আন্তরিকভাবে চেষ্টা করতে হবে।”
তিনি ইঙ্গিত দেন, পারস্পরিক বোঝাপড়া ও উদ্যোগের মাধ্যমেই কেবল ঢাকা–দিল্লির সম্পর্ক সামনে এগিয়ে নেওয়া সম্ভব।

