রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

জনতার ঢল, শোকের নীরবতা: ময়নাতদন্তের পথে হাদির নিথর দেহ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক শরিফ ওসমান হাদির মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

- Advertisement -

শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে তার মরদেহ মর্গে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় ময়নাতদন্ত সম্পন্ন করা হবে।

এ সময় সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় মরদেহটি বহন করা হয়। হাদির স্বজন, সহযোদ্ধা ও সহকর্মীরাও মরদেহের সঙ্গে উপস্থিত ছিলেন। ভোর থেকেই তাকে শেষবারের মতো এক নজর দেখতে হাসপাতাল চত্বরে ভিড় করেন সাধারণ মানুষ।

হাসপাতাল সূত্র জানায়, সোহরাওয়ার্দী হাসপাতালে ময়নাতদন্ত শেষে বেলা সাড়ে ১১টার দিকে মরদেহ গোসল করানো হবে। এরপর আনুষ্ঠানিকতা শেষে মরদেহ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হবে। সেখানে আজ দুপুর ২টায় শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে, শরিফ ওসমান হাদির মৃত্যুতে আজ শনিবার দেশে এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। রাষ্ট্রীয় শোক উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

এর আগে, গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শরিফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার এক দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি।

প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে অস্ত্রোপচার করা হয়। পরে পরিবারের সিদ্ধান্তে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মারা যান।

সর্বশেষ

এই বিভাগের আরও