চট্টগ্রামের হাটহাজারী পৌরসভায় পারিবারিক কলহ ও মানসিক যন্ত্রণার জেরে মো. আলী আকবর (৩৮) নামের এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
১৯ ডিসেম্বর (শুক্রবার) রাত আনুমানিক ৯:১৫ ঘটিকায় পৌরসভার ৫নং ওয়ার্ডের ফটিকা কামাল পাড়া এলাকার ‘রেহেনা ম্যানসন’ নামক একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।
নিহত আলী আকবর উপজেলার ১৫নং নোয়াজিষপুর ইউনিয়নের ফতেনগর গ্রামের কোরবান আলী তালুকদার বাড়ির মোহাম্মদ মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে হাটহাজারী পৌরসভার ফটিকা কামাল পাড়া এলাকায় স্ত্রীসহ ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, আলী আকবর তার প্রথম স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পর থেকেই পরিবারের সদস্যদের সাথে নানা বিষয়ে বিরোধে জড়িয়ে পড়েন। মা-বাবার সাথে সুসম্পর্ক না থাকায় তিনি প্রচণ্ড মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। পরবর্তীকালে তিনি দ্বিতীয় বিবাহ করেন এবং দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ওই ভাড়া বাসায় থাকতেন। শুক্রবার রাতে নিজ কক্ষের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সাথে ঝুলে তিনি আত্মহত্যা করেন।
নিহতের দ্বিতীয় স্ত্রী রেহেনা আক্তার জানান, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে তিনি ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে আলী আকবরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে খবর দেওয়া হলে হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আনিছ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।
হাটহাজারী থানা সূত্রে জানানো হয়েছে, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।##

