সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

নির্বাচন হবেই, বানচালের চেষ্টার জবাব ভোটে—মির্জা আব্বাস

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

সাজানো ছকের মাধ্যমে কিছু রাজনৈতিক দল মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চায়—এমন অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নির্বাচন বানচালের যেকোনো ষড়যন্ত্র কঠোরভাবে প্রতিহত করা হবে।

- Advertisement -

শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গোপীবাগে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত এক কর্মী সভায় এসব কথা বলেন তিনি। সভাটি তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনার প্রস্তুতি হিসেবে আয়োজন করা হয়।

মির্জা আব্বাস বলেন, কিছু গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তিনি সতর্ক করে বলেন, “ঢাকা শহরে অস্থিতিশীল করার মতো কোনো ঘটনা হতে দেওয়া হবে না। যারা এমন চেষ্টা করবে, ইনশাল্লাহ আমরা তাদের প্রতিহত করব।”

তিনি অভিযোগ করেন, দেশের মানুষকে জিম্মি করে কতিপয় রাজনৈতিক দল নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে। “পানি ঘোলা করে মাছ শিকারের চেষ্টা চলছে—এ বিষয়ে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে,” বলেন তিনি।

ঢাকা-৮ আসনে বিএনপির মনোনীত এই প্রার্থী বলেন, একাত্তরে স্বাধীনতার অর্জন এবং চব্বিশে কথা বলার অধিকার এ দেশের মানুষ রক্ত দিয়ে অর্জন করেছে। আজ সেই অধিকার আবারও ছিনিয়ে নেওয়ার চেষ্টা চলছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

কোনো দলের নাম উল্লেখ না করে মির্জা আব্বাস বলেন, “আমাদের নেতা তারেক রহমানের দেশে ফেরার ঘোষণার পরই একের পর এক হত্যাকাণ্ড ও সহিংস ঘটনা ঘটেছে। এর অর্থ হলো—এটি একটি সাজানো ছক। এসব ঘটনার মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করতে চাওয়া হচ্ছে। আমরা আমাদের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করবই। এই দেশে নির্বাচন হবে এবং নির্বাচন হতেই হবে।”

তিনি বলেন, “তারেক রহমানের দেশে ফেরা মানে গণতন্ত্রের দেশে ফেরা। তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আসছেন। এ নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।”

সরকারের প্রতি প্রশ্ন তুলে মির্জা আব্বাস বলেন, “এত ঘটনা ঘটছে, কিন্তু কোথায় গ্রেপ্তার? কোথায় আইনশৃঙ্খলা বাহিনী? আমরা সরকারপ্রধানকে সহযোগিতার হাত বাড়িয়েছিলাম, কিন্তু সেই হাত গ্রহণ করা হয়নি।”

তিনি আরও বলেন, যারা দেশকে ভালোবাসে না, যারা অরাজকতা সৃষ্টি করছে, তারা জাতির শত্রু। গণতন্ত্রের সামনে অগণতান্ত্রিক শক্তি কখনো টিকতে পারবে না। ষড়যন্ত্রকারীদের উদ্দেশে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশের মানুষ তাদের সম্পর্কে সচেতন।

সর্বশেষ

এই বিভাগের আরও