চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী, মাদক সম্রাট ও ‘বুইস্যা বাহিনী’র প্রধান শহীদুল ইসলাম প্রকাশ বুইস্যাকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২০ ডিসেম্বর রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন ফিনলে সাউথ সিটি এলাকায় অভিযান চালিয়ে বুইস্যাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
উল্লেখ্য, চলতি বছরের ২১ জুলাই চান্দগাঁও থানাধীন কাঁচাবাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ‘টেম্পো’ ও ‘বুইস্যা’ বাহিনীর মধ্যে ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটে। ওই ঘটনায় র্যাব ও পুলিশের যৌথ অভিযানে বুইস্যা বাহিনীর ১১ সদস্যকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হলেও মূলহোতা বুইস্যা পালিয়ে যায়।
পরবর্তীতে গত ৪ অক্টোবর বুইস্যার সহযোগী মুন্নার প্রকাশ্যে গুলি ছোড়ার ভিডিও ও অস্ত্রের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
র্যাব সূত্রে জানা যায়, শহীদুল ইসলাম বুইস্যা দীর্ঘদিন ধরে চান্দগাঁও ও পাঁচলাইশ এলাকায় অস্ত্র ব্যবসা, ইয়াবা ও অন্যান্য মাদক কারবার, কিশোর গ্যাং দিয়ে আধিপত্য বিস্তার এবং চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল। চাঁদাবাজিতে বাধা পেলে সে ভুক্তভোগীদের অপহরণ করে বহদ্দারহাট কাঁচাবাজার এলাকার একটি আস্তানায় নির্যাতন চালাত বলেও অভিযোগ রয়েছে।
সিডিএমএস পর্যালোচনায় জানা গেছে, বুইস্যার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও, পাঁচলাইশ ও চকবাজার থানায় অস্ত্র, চাঁদাবাজি, নাশকতা ও মাদক সংক্রান্ত মোট ৪২টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।

