বুধবার, ৮ এপ্রিল ২০২৬

কূটনৈতিক উত্তেজনা—প্রণয় ভার্মাকে ফের তলব পররাষ্ট্র মন্ত্রণালয়ে

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে আবারও তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত হয়ে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করেন।

- Advertisement -

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে দিল্লি, কলকাতাসহ ভারতের বিভিন্ন স্থানে অবস্থিত বাংলাদেশি মিশন ও কূটনীতিকদের নিরাপত্তা ইস্যু গুরুত্বসহকারে উত্থাপন করা হয়। এ সময় ভারতীয় ডেপুটি হাইকমিশনার পাওয়ান বান্ধেও উপস্থিত ছিলেন।

কূটনৈতিক সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে বাংলাদেশি কূটনৈতিক স্থাপনা ও কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ায় এ বিষয়ে ভারতের অবস্থান ও পদক্ষেপ জানতে চাওয়া হয়। এ নিয়ে গত ১০ দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো ভারতীয় হাইকমিশনারকে তলব করা হলো।

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন ঘটনায় এখন পর্যন্ত অন্তত ছয়বার ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করেছে বাংলাদেশ সরকার।

এর আগে গত ১৪ ডিসেম্বর ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্য নিয়ে সরকারের উদ্বেগ জানানো হয়। একই সঙ্গে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের ভারতে পালিয়ে যাওয়ার বিষয়ে দেশটির সহযোগিতা কামনা করা হয়েছিল।

তলবের পর ভারত এক প্রেস নোটে দাবি করে, তাদের ভূখণ্ড কখনো বাংলাদেশের স্বার্থবিরোধী কার্যক্রমে ব্যবহার করা হয়নি। পাশাপাশি বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের প্রত্যাশার কথাও জানায় দিল্লি।

পরবর্তীতে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন নির্বাচন বিষয়ে ভারতকে ‘নসিহত না করার’ পরামর্শ দেন।

এদিকে পাল্টা প্রতিক্রিয়ায় গত ১৭ ডিসেম্বর নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও