রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

দেশকে আবার অন্ধকারে ঠেলে দেওয়ার চক্রান্ত চলছে — মির্জা ফখরুল

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রে উত্তরণের চলমান প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে একটি মহল ভয়ংকরভাবে চক্রান্ত করছে। তবে সব বাধা অতিক্রম করে বাংলাদেশ সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

- Advertisement -

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ বর্তমানে একটি ট্রানজিশন পিরিয়ড অতিক্রম করছে। দীর্ঘদিনের ফ্যাসিস্ট শাসনে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান, মূল্যবোধ ও অর্থনীতি ধ্বংস হয়েছে। সেই অবস্থা থেকে বেরিয়ে এসে দেশ এখন একটি জাতীয় নির্বাচনের পথে এগোচ্ছে। নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার ও সংসদ গঠিত হবে—এটাই জনগণের প্রত্যাশা।

তিনি অভিযোগ করেন, এই উত্তরণ প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য কিছু ব্যক্তি ও গোষ্ঠী পরিকল্পিতভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, তিনি শহীদ হয়েছেন। তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, নির্বাচনি সমঝোতার অংশ হিসেবে শতবর্ষী রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে চারটি আসন ছেড়ে দিচ্ছে বিএনপি। এসব আসনে জমিয়তের প্রার্থীরা নির্বাচন করবেন।

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের তারিখ ঘোষণা দিয়ে তাদের প্রতিশ্রুতি রক্ষা করেছে। নির্বাচন কমিশনকেও ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়—সে লক্ষ্যে সরকার ও সংশ্লিষ্ট সব পক্ষকে আরও কার্যকর ও ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, শরিকদের সঙ্গে বিএনপির সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। সমঝোতার বিষয়গুলো যথাসময়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

সংবাদ সম্মেলনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দসহ বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও