শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

শুভ বড়দিন আজ

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর)। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, খ্রিস্ট ধর্মের প্রবর্তক প্রভু যিশু খ্রিস্ট এই দিনে বেথলেহেমে জন্মগ্রহণ করেন।

- Advertisement -

মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে সৃষ্টিকর্তার মহিমা প্রচারের লক্ষ্যেই তাঁর পৃথিবীতে আগমন ঘটেছিল—এমনটাই বিশ্বাস করেন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, আচার-অনুষ্ঠান, আনন্দ-উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে বড়দিন উদযাপন করা হচ্ছে।

এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশের গির্জাগুলোকে সাজানো হয়েছে নতুন আঙ্গিকে।

বুধবার সন্ধ্যা থেকে বিভিন্ন গির্জা ও তারকা হোটেলগুলোতে আলোকসজ্জা করা হয়। পাশাপাশি বড়দিনের আগের রাত ও আজ সকাল থেকে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

শুভ বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (২৪ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি বড়দিন ও নববর্ষের শুভেচ্ছা জানান। এ সময় তিনি বলেন, খ্রিস্টান সম্প্রদায় সমাজের প্রতিবিম্ব; তাঁদের দেখে সমাজের সুস্থতা বোঝা যায়। একটি সুস্থ সমাজ গঠনের প্রত্যয় থেকেই ‘জুলাই সনদ’ প্রস্তুত করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এছাড়া বড়দিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বাংলাদেশসহ সারাবিশ্বের খ্রিস্টান সম্প্রদায়ের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সবার সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।

বড়দিন উপলক্ষে আজ সরকারি ছুটি। এ দিন খ্রিস্টান পরিবারগুলোতে কেক তৈরি ও বিশেষ খাবারের আয়োজন করা হয়। দেশের বিভিন্ন অঞ্চলে ধর্মীয় সংগীত, কীর্তন ও প্রার্থনাসভাও অনুষ্ঠিত হচ্ছে।

অনেক খ্রিস্টান পরিবার বড়দিন উপলক্ষে আত্মীয়স্বজনের সঙ্গে সময় কাটাতে গ্রামে গেছেন। পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতেই রাজধানী ছাড়ছেন অনেকে।

এদিকে রাজধানীর তারকা হোটেলগুলোতে আলোকসজ্জার পাশাপাশি কৃত্রিমভাবে স্থাপন করা হয়েছে ক্রিসমাস ট্রি ও শান্তাক্লজ। আজ সকাল থেকেই সেখানে বড়দিনের বিশেষ প্রার্থনা শুরু হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও