ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম–৬ (রাউজান) আসনে প্রার্থী পরিবর্তন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আসনটিতে প্রাথমিকভাবে মনোনয়ন পাওয়া গিয়াস কাদের চৌধুরীকে বাদ দিয়ে বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ও উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারকে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে দলটি।
রোববার (২৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন গোলাম আকবর খোন্দকারের একান্ত সচিব অর্জুন কুমার নাথ।
চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গোলাম আকবর খোন্দকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দল যে আস্থা ও দায়িত্ব তাঁর ওপর অর্পণ করেছে, তা তিনি সর্বোচ্চ নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে পালন করবেন।
রাউজানকে একটি ঐক্যবদ্ধ, শান্তিপ্রিয় ও উন্নয়নমুখী জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতায় ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
গোলাম আকবর খোন্দকার আরও বলেন, রাউজানের জনগণের অধিকার, নিরাপত্তা ও টেকসই উন্নয়নের প্রশ্নে তিনি আপসহীন থাকবেন এবং মানুষের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবেন।
প্রার্থী পরিবর্তনের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে রাউজান বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও আশার সঞ্চার হয়েছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা।

