রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বুধবার দুপুরে খালেদা জিয়ার জানাজা—রাষ্ট্রীয় মর্যাদায় চূড়ান্ত বিদায়

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আগামী বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জানাজায় ইমামতি করবেন জাতীয় মসজিদের খতিব। রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে।

- Advertisement -

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে দুপুর ১২টায় দলটির স্থায়ী কমিটির সদস্যরা জরুরি বৈঠকে বসেন।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যু দেশের মানুষের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি এমন এক সময়ে আমাদের ছেড়ে চলে গেলেন, যখন দেশের জন্য তাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল।

উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

খালেদা জিয়ার মৃত্যুতে সরকার বুধবার থেকে শুক্রবার পর্যন্ত—৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি—তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। পাশাপাশি বুধবার (৩১ ডিসেম্বর) সারাদেশে সাধারণ ছুটি থাকবে।

সর্বশেষ

এই বিভাগের আরও