বিএনপির চেয়ারপার্সন, দেশনেত্রী ও বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও রাউজান-রাঙ্গুনিয়ার সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।
এক শোকবার্তায় তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতার পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর এবং ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তির আতঙ্ক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি এক মহান নেত্রীকে হারাল।
গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, রাজনৈতিক জীবনের শুরু থেকে মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত বেগম খালেদা জিয়া অবিনাশী মনোবল নিয়ে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন। শত জুলুম-নির্যাতনের মুখেও তিনি কখনো দেশ ছেড়ে যাননি, বরং জনগণের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা নিয়ে সংগ্রাম অব্যাহত রেখেছেন।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সহধর্মিণী হিসেবে বেগম খালেদা জিয়া গণমানুষের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)কে দক্ষতা ও যোগ্যতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন এবং জনগণের ভালোবাসায় বারবার রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন।
শোকবার্তায় তিনি উল্লেখ করেন, আধিপত্যবাদী ও ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই এবং বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বেগম খালেদা জিয়ার আপোষহীন ঐতিহাসিক ভূমিকা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন দেশের প্রতিটি প্রান্তে শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হবে তার নাম।
সবশেষে তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা জানিয়ে বলেন, আল্লাহ যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

