বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, “আমরা সত্যিকার অর্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোককে শক্তিতে পরিণত করতে চাই। কিন্তু এটিকে দলীয় ভিত্তিতে নির্বাচনী কাজে ব্যবহার করার মতো এতটা সংকীর্ণ আমরা নই। এই শোকের শক্তিকে জাতি বিনির্মাণে কাজে লাগাতে চাই।”
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, খালেদা জিয়া যেহেতু আর উপস্থিত নেই, তাই তার মনোনয়নপত্র স্বাভাবিকভাবেই বাতিল ঘোষণা করা হবে। তবে ওই আসনে বিকল্প প্রার্থী দেওয়া আছে। যাচাই-বাছাই শেষে তারা টিকলে তাদেরই প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হবে।
নির্বাচন স্থগিত হওয়ার কোনো আইনি সুযোগ আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন পেছানোর কোনো আইনি সুযোগ নেই। যাচাই-বাছাই ও প্রতীক বরাদ্দের পর এমন পরিস্থিতি তৈরি হলে আইনগত জটিলতার কারণে নির্বাচন স্থগিত হতে পারত। তবে বর্তমানে সে রকম কোনো পরিস্থিতি নেই।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে তিনি বলেন, তারেক রহমান একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তাকে শক্ত মনোবলের অধিকারী হতে হবে, তার কোনো বিকল্প নেই। যত শোকই থাকুক, জাতির স্বার্থে তাকে দৃঢ় থাকতে হবে।
এ সময় তিনি আরও জানান, এই মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কোনো কর্মসূচি নেই।

