বাংলাদেশ ও ভারতের মধ্যকার ক্রিকেটীয় সম্পর্কের টানাপোড়েনের মধ্যে বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তাজনিত শঙ্কার কথা জানিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে কোনো ম্যাচ খেলবে না বাংলাদেশ—এ মর্মে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠি দিয়েছে বিসিবি।
রোববার (৪ জানুয়ারি) দুপুরে বিসিবির ১৭ জন বোর্ড পরিচালক বৈঠকে বসে এই সিদ্ধান্ত নেন। বৈঠক শেষে বিসিবির শীর্ষ এক পরিচালক বিষয়টি নিশ্চিত করেন। শুরুতে তিনটি দাবি জানানোর কথা থাকলেও শেষ পর্যন্ত একটিই সিদ্ধান্তে পৌঁছায় বোর্ড—ভারতের ভেন্যুতে বাংলাদেশের কোনো ম্যাচ না খেলা।
আইসিসিকে পাঠানো ই-মেইলে বিসিবি জানায়, নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে দল পাঠানো সম্ভব নয়। একই সঙ্গে ভেন্যু পরিবর্তনের আবেদনও জানানো হয়েছে। উল্লেখ্য, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে পাকিস্তানের সঙ্গে ভারতের রাজনৈতিক বিরোধের কারণে পাকিস্তানের সব ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের সিদ্ধান্ত নেয় আইসিসি।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে বাংলাদেশ পড়েছে ‘সি’ গ্রুপে। গ্রুপে টাইগারদের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। পূর্বঘোষিত সূচি অনুযায়ী বাংলাদেশের চারটি ম্যাচই ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কলকাতার ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও ইতালির বিপক্ষে তিনটি ম্যাচ এবং মুম্বাইয়ে নেপালের বিপক্ষে শেষ ম্যাচ খেলার সূচি ছিল।
এদিকে, বিশ্বকাপের জন্য আইসিসিতে আগেই স্কোয়াড জমা দিয়েছে বিসিবি। রোববার আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করা হয়। প্রত্যাশিতভাবেই দলের অধিনায়ক হিসেবে রয়েছেন লিটন দাস এবং সহ-অধিনায়ক সাইফ হাসান। প্রাথমিক দলে জায়গা হয়নি জাকের আলী, মাহিদুল ইসলাম অঙ্কন ও নাজমুল হোসেন শান্তর।
বিসিবি জানিয়েছে, আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত কোনো কারণ ছাড়াই স্কোয়াডে পরিবর্তন আনার সুযোগ রয়েছে। এরপর পরিবর্তনের প্রয়োজন হলে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন নিতে হবে।

