বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

ভারত থেকে ডিজেল আমদানিতে ১ হাজার ৪৬১ কোটি টাকার চুক্তি

ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর সময়কালে ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করবে সরকার। এতে মোট ব্যয় হবে ১ হাজার ৪৬১ কোটি ৭৬ লাখ টাকা।

- Advertisement -

মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই আমদানির অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে নুমালীগড় রিফাইনারি থেকে ডিজেল আমদানির প্রস্তাব উপস্থাপন করা হলে উপদেষ্টা পরিষদ কমিটি তা পর্যালোচনা করে অনুমোদন দেয়।

জানা যায়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ২০২৬ সালের পরিশোধিত জ্বালানি তেল আমদানির প্রস্তাব ২০২৫ সালের ২২ অক্টোবর অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় নীতিগত অনুমোদন পায়।

এর পরিপ্রেক্ষিতে ২০২৬ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মেয়াদি চুক্তির আওতায় ভারতের রাষ্ট্রায়ত্ত নুমালীগড় রিফাইনারির সঙ্গে নেগোসিয়েশনের মাধ্যমে মূল্য নির্ধারণ করে ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল (০.০০৫ শতাংশ সালফার) আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়।

এই পরিমাণ ডিজেল আমদানিতে ব্যয় হবে ১১ কোটি ৯১ লাখ ৩৩ হাজার ২১৬ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৪৬১ কোটি ৭৬ লাখ টাকা।

সূত্র জানায়, প্রতি ব্যারেল ডিজেলের প্রিমিয়াম নির্ধারণ করা হয়েছে ৫ দশমিক ৫০ মার্কিন ডলার এবং রেফারেন্স প্রাইস ধরা হয়েছে ৮৩ দশমিক ২২ মার্কিন ডলার। ১৫ বছর মেয়াদি চুক্তির আওতায় ২০১৬ সাল থেকে বাংলাদেশ ভারত থেকে ডিজেল আমদানি করে আসছে। এছাড়া ২০২৩ সালের ১৮ মার্চ থেকে ইন্ডিয়া–বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি শুরু হয়।

এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, নুমালীগড় রিফাইনারি থেকে ডিজেল আমদানির চুক্তিটি ১৫ বছরের পুরোনো। এটি বর্তমান সরকারের করা কোনো নতুন চুক্তি নয়। আগের চুক্তির আওতাতেই ডিজেল আমদানি করা হচ্ছে।

সর্বশেষ

এই বিভাগের আরও