রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে প্রবেশে কড়াকড়ি—বাংলাদেশিদের জন্য ভিসা বন্ড বাধ্যতামূলক

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদনের ক্ষেত্রে যেসব দেশের নাগরিকদের ভিসা পেতে সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ‘ভিসা বন্ড’ বা জামানত দিতে হবে—সেই তালিকা আরও সম্প্রসারণ করেছে ট্রাম্প প্রশাসন। সর্বশেষ বাংলাদেশসহ আরও ২৫টি দেশের নাম যুক্ত করা হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (তারিখ উল্লেখ না থাকলে) মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এর এক সপ্তাহ আগেই ভিসা বন্ডের শর্তযুক্ত দেশের তালিকায় সাতটি দেশ যুক্ত করা হয়েছিল।

পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, ভিসা বন্ডের সর্বোচ্চ পরিমাণ ১৫ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২.৩১ টাকা হিসেবে) এর পরিমাণ প্রায় ১৮ লাখ ৩৫ হাজার টাকা।

কী এই ভিসা বন্ড

ভিসা বন্ড মূলত একটি আর্থিক জামানত। নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের সাময়িক ভিসা দেওয়ার আগে এই জামানত রাখা হয়, যাতে তারা ভিসার শর্ত—বিশেষ করে অনুমোদিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ—মেনে চলেন।

প্রতিবছর যুক্তরাষ্ট্রে হাজারো বিদেশি শিক্ষার্থী, পর্যটক ও কর্মীকে অস্থায়ী বা নন-ইমিগ্র্যান্ট ভিসা দেওয়া হয়। এসব ভিসার মেয়াদ কয়েক সপ্তাহ থেকে কয়েক বছর পর্যন্ত হয়ে থাকে। নির্ধারিত সময়ের বেশি অবস্থান করলে সেটিকে ‘ভিসা ওভারস্টে’ হিসেবে গণ্য করা হয়।

বিশ্বের বেশির ভাগ দেশ ভিসার সময় পর্যাপ্ত অর্থ থাকার প্রমাণ চাইলেও ফেরতযোগ্য জামানত বা বন্ড ব্যবস্থা খুব একটা চালু নেই। অতীতে নিউজিল্যান্ড ও যুক্তরাজ্য কিছু দেশের ক্ষেত্রে ভিসা বন্ড চালুর উদ্যোগ নিলেও পরে তা বাতিল করা হয়।

মার্কিন প্রশাসনের এই নতুন সিদ্ধান্তে বাংলাদেশসহ তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে ভিসা পাওয়া আরও কঠিন হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ

এই বিভাগের আরও