রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

কর্ণফুলীতে জেলেদের জালে মিলল নিখোঁজ শ্রমিকের মরদেহ

নিজস্ব প্রতিবেদক

কর্ণফুলী নদীতে জাহাজ থেকে পড়ে নিখোঁজ হওয়া কিশোর শ্রমিক রিয়াদুল হক জিসান (১৬)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে।

- Advertisement -

বুধবার রাত আনুমানিক ৯টার দিকে নিখোঁজের প্রায় ৭৭ ঘণ্টা পর কর্ণফুলী নদীর বিএসসি ৯ নম্বর ঘাট এলাকায় স্থানীয় জেলেদের জালে ভেসে ওঠে তার মরদেহ।

এর আগে গত রবিবার বিকেল ৪টার দিকে কর্ণফুলী নদীর ইছানগর এলাকায় মাছ লোড ও আনলোডের কাজ করার সময় রি-রিসোর্স গ্রুপের একটি জাহাজ থেকে পড়ে নিখোঁজ হয় জিসান।

নিহত জিসান কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইছানগর আজিমপাড়া এলাকার মো. হেলালের ছেলে। স্থানীয় ইউপি সদস্য মাহমুদুল হক সুমন এবং জিসানের ফুপাতো বোনের জামাই মো. রুবেল মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জিসানের বাবা মো. হেলাল উদ্দিন বলেন, “আমি আমার ছেলেকে কুরআনে হাফেজ বানাতে চেয়েছিলাম। কিন্তু সে স্বপ্ন আর পূরণ হলো না। আমরা তাকে কাজে যেতে নিষেধ করলেও সে গোপনে কাজে চলে যেত। আজ সে লাশ হয়ে ফিরে এলো।”

রি-রিসোর্স গ্রুপের মুখপাত্র ও এস্টেট শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র দে বলেন, “নিখোঁজ জিসানের মরদেহ বুধবার রাতে উদ্ধার করা হয়েছে। দাফন-কাফনসহ সব ধরনের সহযোগিতা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে করা হবে।”

এ বিষয়ে সদরঘাট নৌ থানার উপপরিদর্শক (এসআই) আরিফ হোসেন বলেন, “মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সর্বশেষ

এই বিভাগের আরও