রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

পাতানো নির্বাচন হবে না, ইনসাফভিত্তিক ভোটের আশ্বাস সিইসির

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

এবার আগের মতো কোনো পাতানো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, নির্বাচন কমিশন ইনসাফ ও ন্যায়বিচারে বিশ্বাসী, এবং কমিশনের কাছ থেকে সবাই ন্যায্য বিচার পাবেন।

- Advertisement -

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় প্রাঙ্গণে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চলমান আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি।

সিইসি বলেন, যারা মনোনয়নের বৈধতা বা বাতিলের বিরুদ্ধে আবেদন করছেন, তাদের বিষয়গুলো সম্পূর্ণ আইনি ভিত্তিতে নিষ্পত্তি করা হবে। নির্বাচন কমিশন স্বচ্ছতায় বিশ্বাসী এবং সবার জন্য সমান সুযোগ—লেভেল প্লেয়িং ফিল্ড—নিশ্চিত করবে।

তিনি আরও আশ্বস্ত করেন, আপিল শুনানির পুরো প্রক্রিয়া হবে অত্যন্ত স্বচ্ছ। প্রতিটি আবেদন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে আইন অনুযায়ী সিদ্ধান্ত দেওয়া হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, বৃহস্পতিবার আপিল আবেদনের চতুর্থ দিন চলছে। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংক্ষুব্ধ আবেদনকারীরা ইসিতে আসছেন। মনোনয়ন ফিরে পেতে কিংবা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মনোনয়নের বৈধতার বিরুদ্ধে তারা আপিল আবেদন জমা দিচ্ছেন।

ইসি সূত্র জানায়— ৯ জানুয়ারি (শুক্রবার) পর্যন্ত আপিল আবেদন গ্রহণ করা হবে। ১০ জানুয়ারি (শনিবার) থেকে শুরু হবে আপিল শুনানি। ১৮ জানুয়ারি (রোববার) পর্যন্ত চলবে এই শুনানি কার্যক্রম।

গত তিন দিনে মোট ২৯৫টি আপিল আবেদন জমা পড়েছে। এর মধ্যে বুধবার একদিনেই ১৩১টি আপিল দায়ের করা হয়। অঞ্চলভিত্তিক হিসাবে খুলনায় ১১টি, রাজশাহীতে ১৫টি, রংপুরে ৯টি, চট্টগ্রামে ১০টি, কুমিল্লায় ১৯টি, ঢাকায় ৩১টি, ময়মনসিংহে ১৬টি, বরিশালে ৯টি এবং ফরিদপুর অঞ্চলের জেলাসমূহ থেকে ৭টি আপিল জমা দেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার দ্বিতীয় দিনে রিটার্নিং কর্মকর্তাদের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে ১২২টি আপিল দায়ের হয়। আর সোমবার প্রথম দিনে মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে ৪১টি এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে একটি আপিল জমা পড়ে।

নির্বাচন কমিশনের দাবি, পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও আইনানুগতা বজায় রেখে সব আপিল নিষ্পত্তি করা হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও