রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

মিরসরাইয়ে ব্যাংক থেকে বের হতেই ছিনতাই—দেড় লাখ টাকা খোয়ালেন বৃদ্ধ

সাফায়েত মেহেদি, মিরসরাই প্রতিনিধি:

চট্টগ্রামের মিরসরাইয়ে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বের হতেই কৌশলে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক ষাটোর্ধ্ব ব্যক্তি। নিজের কষ্টার্জিত টাকা হারিয়ে শোকে বারবার কান্নায় ভেঙে পড়ছেন তিনি।

- Advertisement -

রোববার (১১ জানুয়ারি) দুপুরে মিরসরাই পৌর সদরের ইসলামী ব্যাংক পিএলসি শাখার সামনে এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার মনসুর আহাম্মদ (৬০) উপজেলার ইছাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লুদ্দাখালী গ্রামের সফল আলী মালের বাড়ির বাসিন্দা।

স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি মিরসরাই উপজেলায় চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে। গত ছয় মাসে অর্ধশতাধিক চুরি-ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ভুক্তভোগী মনসুর আহাম্মদ জানান, তিনি ব্যাংক থেকে দেড় লাখ টাকা উত্তোলন করেন। গায়ে পরা কোটের ভেতরের দুই পকেটে ৫০ হাজার ও ১ লাখ টাকা রেখে ব্যাংকের মূল ফটকের কাছে পৌঁছালে দুজন মাস্ক পরিহিত যুবক হঠাৎ এক পকেটে হাত ঢুকিয়ে ১ লাখ টাকা টান দিয়ে নিয়ে ধাক্কা মেরে দ্রুত পালিয়ে যায়। তিনি কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারীরা সটকে পড়ে।

মনসুর আহাম্মদের বড় ছেলে তায়েফ বলেন, “ক’দিন আগেই আমার বিয়ে হয়েছে। বাবা দীর্ঘদিন প্রবাসে ছিলেন। পারিবারিক কাজে ব্যবহারের জন্য জমানো টাকা তুলতে এসে তিনি ছিনতাইয়ের শিকার হয়েছেন। ব্যাংকের গ্রাহকদের ন্যূনতম নিরাপত্তা নেই। গেটের বাইরে কী হচ্ছে, তা দেখার দায় নেই বলে সিকিউরিটি গার্ড জানিয়েছেন। প্রধান ফটকে সিসিটিভি ক্যামেরাও নেই। আমরা থানায় অভিযোগ দিয়েছি।”

এ বিষয়ে ইসলামী ব্যাংক পিএলসি, মিরসরাই পৌর সদর শাখার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, “ছিনতাইয়ের বিষয়টি জেনেছি। ভুক্তভোগী লিখিত অভিযোগ দিয়েছেন। জড়িতদের শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

সর্বশেষ

এই বিভাগের আরও