শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট—৮ ফ্লাইটে যাবেন ৩২৫৫ জন

বাংলাদেশ থেকে হজযাত্রীদের বহনকারী প্রথম ফ্লাইট আগামী ১৮ এপ্রিল সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবে। ওই দিন মোট ৮টি ফ্লাইটে ৩ হাজার ২৫৫ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন।

- Advertisement -

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার সৌদি আরবের নির্দেশনা অনুযায়ী একটি হজ এজেন্সির যাত্রীদের একই ফ্লাইটে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া স্বাক্ষরিত একটি চিঠি রোববার হজ এজেন্সি মালিকদের পাশাপাশি হজযাত্রী পরিবহনকারী তিনটি এয়ারলাইন্সের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ‘হজ প্যাকেজ ও গাইডলাইন, ২০২৬’ অনুযায়ী প্রত্যেক হজ এজেন্সিকে তাদের মোট যাত্রীর কমপক্ষে ২০ শতাংশকে প্রি-হজ ফ্লাইটের মধ্যবর্তী সময়ে এবং প্রথম ও শেষ পর্যায়ে ৩০ থেকে ৫০ শতাংশ যাত্রী পাঠাতে হবে। কোনো এজেন্সির ক্ষেত্রে এই হার ৩০ শতাংশের কম বা ৫০ শতাংশের বেশি হতে পারবে না।

চাঁদ দেখা সাপেক্ষে এবছর ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ-সৌদি হজ চুক্তি অনুযায়ী, এ বছর বাংলাদেশ থেকে সর্বোচ্চ ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করতে পারবেন।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবছর হজ নিবন্ধন করেছেন ৭৬ হাজার ৫২৩ জন। এর মধ্যে সবচেয়ে বেশি ২৭ হাজার ৮১৮ জন ঢাকা বিভাগ থেকে এবং সবচেয়ে কম ২ হাজার ৬২৩ জন বরিশাল বিভাগ থেকে নিবন্ধন করেছেন।

হজযাত্রী পরিবহনের জন্য তিনটি এয়ারলাইন্সের মধ্যে কোটা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৫০ শতাংশ যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ৩৫ শতাংশ সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস এবং বাকি ১৫ শতাংশ ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করবে।

সর্বশেষ

এই বিভাগের আরও