থাইল্যান্ডের ফুকেট প্রদেশের একটি বিমানবন্দরে অবতরণের প্রস্তুতিকালে তীব্র ঝাঁকুনির কবলে পড়েছে ইতিহাদ এয়ারওয়েজ পিজেএসসি–এর একটি ফ্লাইট। এতে কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যম খাওসোদ–এর প্রতিবেদনে জানানো হয়, বুধবার আবুধাবি থেকে ছেড়ে আসা ইতিহাদ এয়ারওয়েজের ইওয়াই–৪১৬ নম্বর ফ্লাইটটি ফুকেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের ঠিক আগ মুহূর্তে হঠাৎ প্রবল ঝাঁকুনির মুখে পড়ে।
ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটঅ্যাওয়ার–এর তথ্য অনুযায়ী, বিমানটি স্থানীয় সময় দুপুর ১২টার দিকে ফুকেটে পৌঁছায়।
ঝাঁকুনির ঘটনায় আহত যাত্রীদের বিমানবন্দরেই প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরে ফুকেট আন্তর্জাতিক বিমানবন্দরের মহাব্যবস্থাপক মনচাই তানোদের বরাত দিয়ে খাওসোদ জানায়, বিমানে থাকা ১৬০ জন যাত্রীর মধ্যে কেউই গুরুতরভাবে আহত হননি।
উল্লেখ্য, এর আগে ২০২৪ সালে থাইল্যান্ডের আকাশসীমার ওপর দিয়ে যাওয়ার সময় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইট ভয়াবহ ঝাঁকুনির মুখে পড়ে। লন্ডন থেকে সিঙ্গাপুরগামী ওই ফ্লাইটটি জরুরি ভিত্তিতে ব্যাংককে অবতরণ করতে বাধ্য হয়। ওই ঘটনায় একজন যাত্রী নিহত হন এবং যাত্রী ও ক্রু সদস্যদের মধ্যে কয়েক ডজন মানুষ গুরুতর আহত হন।
সূত্র: আল-অ্যারাবিয়া

