বন্দর থানার পাঠাও চালক ওজিয়র রহমান (৩৬) হত্যাকাণ্ডের সাথে জড়িত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তার হেফাজত থেকে হত্যায় ব্যবহৃত একটি কাঠের বাটযুক্ত স্টিলের ছুরি এবং ভিকটিমের হেলমেট উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, ওজিয়র রহমান ১১ জানুয়ারি ২০২৬ রাত আনুমানিক ১২.৫০ ঘটিকায় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে আক্রান্ত হন। পেটের মাঝখানে ছুরিকাঘাত প্রাপ্ত অবস্থায় তিনি মোটরসাইকেল চালিয়ে বন্দর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার সামনে পৌঁছলে অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
বন্দর থানার গোপন সংবাদের ভিত্তিতে ১৪ জানুয়ারি ডবলমুরিং থানাধীন পানওয়ালাপাড়া এলাকা থেকে মোঃ শহীদুল ইসলাম খোকন(৪৫)’কে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী জানায়, তিনি ১১ জানুয়ারি রাতে হালিশহর থানাধীন বুইল্ল্যা কলোনী কলাবাগান এলাকায় ইয়াবা সেবনকালে ভিকটিমের সঙ্গে দেখা পেয়ে ৫০০ টাকা দাবী করেছিলেন। টাকা না দেওয়ায় তিনি ছুরি দিয়ে আঘাত করেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে ৫টি মামলা রয়েছে। আসামীকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

