রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

মিরসরাইয়ে জানাজা শেষে ফেরার পথে নৃশংস ডাকাতি, আহত সাবেক ম্যাজিস্ট্রেটসহ ৫

সাফায়েত মেহেদি, মিরসরাই প্রতিনিধি:

চট্টগ্রামের মিরসরাইয়ে আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে ডাকাত দলের হামলায় পাঁচজন মারাত্মক আহত হয়েছেন। হামলার সময় ডাকাতরা আহতদের কুপিয়ে জখম করে নগদ টাকা, মোবাইল ফোন ও প্রয়োজনীয় কাগজপত্র লুট করে নেয়।

- Advertisement -

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার নয়দুয়ারিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন রেজাউল করিম চৌধুরী, নজরুল করিম, নুরুল করিম, জাবেদ কাউসারসহ মোট পাঁচজন। এদের মধ্যে জাবেদ কাউসারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। আহত রেজাউল করিম চৌধুরী ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের (সিএমএম কোর্ট) সাবেক ম্যাজিস্ট্রেট বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের কাজিরতালুক গ্রামের জয়নাল আবেদীন সাজু মেম্বারের স্ত্রী বার্ধক্যজনিত কারণে মারা যান।

মঙ্গলবার রাতে জানাজা ও দাফন শেষে রাত সাড়ে ১২টার দিকে রেজাউল করিম চৌধুরীসহ পাঁচজন একটি প্রাইভেটকারে করে সীতাকুণ্ড উপজেলার বারআউলিয়ার উদ্দেশে রওনা দেন। গাড়িটি রেজাউল করিম নিজেই চালাচ্ছিলেন।

নয়দুয়ারিয়া এলাকায় পৌঁছালে ডাকাতদল মহাসড়কে লোহার অ্যাঙ্গেল দিয়ে গাড়িতে আঘাত করে পথরোধ করে। পরে গাড়িতে থাকা সবাইকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পাঁচটি মোবাইল ফোন, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে পালিয়ে যায়।

নিহত নারীর আত্মীয় মো. আলমগীর জানান, “জানাজা ও দাফন শেষে আমার ফুফাতো ভাইয়েরা বাড়ি ফিরছিল। ডাকাতরা সবকিছু ছিনিয়ে নেওয়ার পরও ক্ষান্ত হয়নি, সবাইকে কুপিয়ে গুরুতর আহত করে।”

ডাকাতদল চলে যাওয়ার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, “এ ধরনের ঘটনার বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”

সর্বশেষ

এই বিভাগের আরও