সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

গণতন্ত্রের পথে বাধা দেওয়া যাবে না—তারেক রহমান

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

বিএনপির ‘আপসহীন ভূমিকার’ কারণে ষড়যন্ত্র বা অপপ্রচার চালিয়ে দলটিকে দমিয়ে রাখা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

- Advertisement -

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, দেড় দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিএনপি ধারাবাহিকভাবে সক্রিয় রয়েছে। কখনো আন্দোলনের তীব্রতা কমেছে, আবার কখনো তা তুঙ্গে উঠেছে। এই দীর্ঘ সময়ে অসংখ্য গুম, খুন, অপহরণ, মিথ্যা মামলা ও নির্যাতনের শিকার হলেও বিএনপির কোনো নেতাকর্মী রাজপথ ছাড়েনি। একই পরিবারের একজন গুম হওয়ার পর অন্যজন আরও দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আন্দোলনে নেমে পড়েছেন।

তিনি বলেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি—যে দলের নেতাকর্মীরা অন্যায়ের বিরুদ্ধে এভাবে আপসহীন থাকতে পারে, সেই দলকে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার দিয়ে দমন করা যাবে না, ইনশাআল্লাহ।”

বিএনপির চেয়ারম্যান আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা গুম হয়েছেন বা শহীদ হয়েছেন, তাদের প্রতি আগামী দিনের গণতান্ত্রিক রাষ্ট্র ও সরকারের অনেক দায় ও দায়িত্ব রয়েছে। রাষ্ট্র কখনোই তাদের ভুলে যেতে পারে না। শহীদদের আত্মত্যাগ স্মরণীয় করে রাখতে বিএনপি কিছু পরিকল্পনা গ্রহণ করেছে বলেও জানান তিনি। তবে নির্বাচন কমিশনের কিছু বাধ্যবাধকতার কারণে সেগুলোর বিস্তারিত এখনই প্রকাশ করা সম্ভব নয় বলে উল্লেখ করেন।

নির্বাচন কমিশনের সাম্প্রতিক কিছু বিতর্কিত ভূমিকার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, এরপরও একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি ধৈর্যের পরিচয় দিতে চায়।

দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণতন্ত্রপ্রিয় ও স্বাধীনতাপ্রিয় মানুষের সামনে একটি মানবিক ও জনগণের প্রতি দায়বদ্ধ রাষ্ট্র গঠনের সুযোগ এসেছে। তবে কেউ কেউ নানা উসিলায় বিতর্ক তৈরি করে গণতন্ত্রের এই পথ বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। এসব অপচেষ্টা যেন সফল না হয়, সে জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

অতীতের সব অন্যায়ের বিচার নিশ্চিত করতে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা জরুরি উল্লেখ করে তারেক রহমান বলেন, এবার যদি দায়িত্বশীল গণতান্ত্রিক সরকার গঠনের সুযোগ হাতছাড়া হয়, তবে তা গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের আত্মত্যাগের প্রতি অবমাননা হবে।

তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন, গত ১৬ বছরে গুম ও নির্যাতনের শিকার মানুষ এবং ২০২৪ সালের আন্দোলনে যারা শহীদ হয়েছেন—সব অন্যায়ের বিচার প্রতিষ্ঠা করতে হলে বাংলাদেশে অবশ্যই একটি গণতান্ত্রিক সরকার প্রয়োজন।

তারেক রহমান বলেন, নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত মানুষ যেন দেশের আইন অনুযায়ী ন্যায়বিচার পেতে পারে, তার একমাত্র উপায় হলো জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সক্ষম একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা।

সর্বশেষ

এই বিভাগের আরও