সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

এই নির্বাচন কমিশনের ওপর বিশ্বাস নেই: আসিফ মাহমুদ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা হবে কি না—সে বিষয়ে পুনর্বিবেচনার সময় এসেছে।

- Advertisement -

রোববার (১৮ জানুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে আসিফ মাহমুদ বলেন, একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক দল ও জনগণের যে আস্থা অর্জনের কথা ছিল, তা নির্বাচন কমিশন হারিয়েছে। বর্তমান পরিস্থিতিতে নির্বাচন কমিশন একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে কি না, সে বিষয়ে তারা গভীর শঙ্কা প্রকাশ করছেন।

তিনি বলেন, “এই নির্বাচন কমিশনের প্রতি আমরা বিশ্বাস রাখতে পারছি না। এই নির্বাচনে আমরা অংশ নেব কিনা—তা এখনও বিবেচনার পর্যায়ে রয়েছে।”

আসিফ মাহমুদ অভিযোগ করেন, দ্বৈত নাগরিকত্বধারী, ঋণখেলাপি এবং ঋণখেলাপির গ্যারান্টারদের অনেককেই ছাড় দেওয়া হয়েছে বলে বিভিন্ন মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে, যা নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি করছে। এ সময় ছাত্রদলের নির্বাচন ভবন ঘেরাও কর্মসূচিকে ‘নাটক’ বলে আখ্যায়িত করেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, “আজ পুরো ঘটনাটি একটি নাটকের মতো মঞ্চায়িত হয়েছে। আপিল শুনানির শেষ দিনে নির্বাচন ভবনের সামনে ২-৩ হাজার নেতাকর্মী এনে এক ধরনের মব পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে, যা বাইরে থেকে নির্বাচন কমিশনের ওপর চাপ তৈরির চেষ্টা।”

তিনি আরও বলেন, “রায়ের পূর্বমুহূর্তে যাদের স্বার্থ জড়িত, তাদের সঙ্গে বসে যদি কমিশনাররা দীর্ঘ সময় আলোচনা করেন, তাহলে সে রায় কোনোভাবেই নিরপেক্ষ হতে পারে না।”

তার অভিযোগ অনুযায়ী, কমিশনাররা ১৫ মিনিটের বৈঠকের কথা বললেও বাস্তবে বিএনপির একদল নেতার সঙ্গে প্রায় দেড় ঘণ্টা আলোচনা করেছেন, যা দেশের গণতন্ত্রের জন্য ‘অশনি সংকেত’ বলে মন্তব্য করেন তিনি।

সর্বশেষ

এই বিভাগের আরও