সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক—শহীদ জিয়ার জন্মদিন আজ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৬ সালের এই দিনে তিনি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীতে জন্মগ্রহণ করেন।

- Advertisement -

জিয়াউর রহমানের পিতা মনসুর রহমান পেশায় ছিলেন একজন রসায়নবিদ। শৈশব ও কৈশোরের একটি সময় তিনি বগুড়া ও কলকাতায় কাটান। পরে পিতার কর্মস্থল করাচিতে অবস্থান করেন। শিক্ষাজীবন শেষে ১৯৫৫ সালে তিনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে যোগ দিয়ে অফিসার হিসেবে কমিশন লাভ করেন।

একজন পেশাদার সৈনিক হিসেবে কর্মজীবন শুরু করলেও জিয়াউর রহমান দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে সাহসী নেতৃত্ব দিয়ে সামনে এগিয়ে এসেছেন। ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধে খেমকারান সেক্টরে তিনি অসীম সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন এবং স্বাধীনতার ঘোষণার মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করেন।

স্বাধীনতার পর তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা হিসেবে আত্মপ্রকাশ করেন এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সময়ের প্রয়োজনে প্রায় সাড়ে চার দশক আগে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। তার প্রতিষ্ঠিত দলটি পরবর্তীতে তার সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলে পরিণত হয়। বেগম খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

অসাধারণ দেশপ্রেম, সততা, নিষ্ঠা ও সহজ-সরল ব্যক্তিত্বের প্রতীক শহীদ জিয়াউর রহমান দেশের মানুষের কাছে আজও শ্রদ্ধাভরে স্মরণীয়। তার রাজনৈতিক দর্শন ও দিকনির্দেশনা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ ১৯ জানুয়ারি বেলা ১১টায় শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের মাজারে দলের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। এই কর্মসূচিতে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান উপস্থিত থাকবেন বলে জানান রিজভী।

এ ছাড়া দিনব্যাপী দোয়া মাহফিল, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিসহ বিভিন্ন সেবামূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির দ্বিতীয় দিন ২০ জানুয়ারি (মঙ্গলবার) বেলা ১১টায় শহীদ জিয়াউর রহমানের বর্ণাঢ্য কর্মময় জীবন ও রাজনৈতিক দর্শন নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে দলের স্থায়ী কমিটির সদস্যসহ শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী দলের সব পর্যায়ের নেতাকর্মীদের কর্মসূচি সফল করার আহ্বান জানান এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে নিজ নিজ উদ্যোগে দিবসটি পালনের নির্দেশনা দেন।

সর্বশেষ

এই বিভাগের আরও