ব্যালট পেপারে অনিয়ম ও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের অভিযোগে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল।
সোমবার (১৯ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ের সামনের সড়কে এই কর্মসূচি শুরু হয়।
সরেজমিনে দেখা গেছে, সকাল ১১টা থেকেই ছাত্রদলের নেতা-কর্মীরা ইসি কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন। মহানগরের বিভিন্ন ইউনিট থেকে আসা ছাত্রনেতারা সেখানে অবস্থান নেন। পরে সোয়া ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু হয়।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরসহ সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা।
কর্মসূচিতে ছাত্রদল নির্বাচন কমিশনের বিরুদ্ধে তিনটি প্রধান অভিযোগ তুলে ধরে—
এক. পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়েছে, যা পুরো নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করেছে।
দুই. বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে নির্বাচন কমিশন দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করছে, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারত্বকে প্রশ্নবিদ্ধ করছে।
তিন. একটি রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে নির্বাচন কমিশন নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে, যা বিশ্ববিদ্যালয় পর্যায়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত বলে দাবি করে ছাত্রদল।
ছাত্রদলের নেতারা দাবি করেন, নির্বাচন কমিশনের এসব সিদ্ধান্ত অবিলম্বে পুনর্বিবেচনা না করা হলে আন্দোলন আরও জোরদার করা হবে।

