সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির ল্যান্ডস্লাইড বিজয় ঠেকাতে অপপ্রচার—ফখরুলের অভিযোগ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না করে সোজাপথে রাজনীতি করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, “দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাবে—হায় হায়! তাহলে কি সব ইবাদত করে, ইমান এনে কোনো লাভ নাই? এরা মুনাফিকি করে মানুষকে ভুল বুঝিয়ে ভোট চাচ্ছে।”

- Advertisement -

মঙ্গলবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “সবচেয়ে বেশি দুষ্টামি করছে তারাই, যারা অতীতে বাংলাদেশকেই স্বীকার করেনি। আমাদের কত মা-বোনকে পাক হানাদার বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে—এই ইতিহাস আমরা ভুলে যাইনি।”

তিনি বলেন, বহু ত্যাগের বিনিময়ে দেশ আজ একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। সামনে একটি নির্বাচন রয়েছে, যেখানে মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে একটি গণতান্ত্রিক দেশ গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে।

সংস্কার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “বিএনপি সরকার ঘোষিত সংস্কারের দুই বছর আগেই ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে। এখন সরকার বড় প্রচারণা চালাচ্ছে—সংস্কার তো বিএনপির সন্তান।”

তিনি আরও বলেন, “বিএনপি সংস্কারের পক্ষে। তোমরা কারসাজি করেছো, বেইমানি করেছো—যেসব বিষয়ে আমরা একমত হইনি, সেগুলোও সংস্কারে ঢুকিয়ে দিয়েছো। তারপরও আমরা রাজি হয়েছি।”

নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “একটি অর্কেস্ট্রা চলছে। বিএনপির ল্যান্ডস্লাইড বিজয় ঠেকাতে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। যারা নির্বাচন হবে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করছে, খোঁজ নিলে দেখা যাবে—ভেতরে ভেতরে তাদের তিনটি আসনও নেই।”

তিনি বলেন, “এই নির্বাচনই ঠিক করে দেবে—বাংলাদেশে লিবারেল ডেমোক্রেটিক রাজনীতি থাকবে, না কি উগ্রপন্থার রাজনীতি চলবে। আমরা ভোটের জন্য অপেক্ষা করছি।”

সর্বশেষ

এই বিভাগের আরও