মিরসরাইয়ে জায়গা–জমি সংক্রান্ত বিরোধের জেরে তিন বছরের এক শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ উঠেছে। নিহত শিশুর নাম আব্দুল্লাহ (৩)।
বুধবার (২১ জানুয়ারি) বেলা ২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ দক্ষিণ সোনাপাহাড় গ্রামের নুরুল আলম রাসেলের ছেলে।
পরিবারের অভিযোগ, স্থানীয় বাসিন্দা দ্বীন ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের জায়গা–জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বুধবার ওই বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে ঝগড়ার একপর্যায়ে দ্বীন ইসলাম শিশুটিকে আছাড় মেরে হত্যা করে।
নিহত শিশুর দাদি জোস্না আরা বেগম অভিযোগ করে বলেন, প্রায় ১৫ বছর ধরে দ্বীন ইসলামের সঙ্গে তাদের জমি নিয়ে বিরোধ চলছিল। বুধবার জায়গা সংক্রান্ত ঝগড়ার সময় দ্বীন ইসলাম শিশুটির মা রূপা আক্তারকে মারধর করে। প্রাণ বাঁচাতে রূপা আক্তার ঘরের ভেতরে ঢুকে পড়লে বাইরে থাকা শিশুটিকে সামনে পেয়ে দ্বীন ইসলাম আছাড় দেয়।
তিনি আরও জানান, গুরুতর আহত অবস্থায় শিশুটিকে দ্রুত মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে। তবে অভিযুক্ত দ্বীন ইসলাম ঘটনার পর পালিয়ে গেছে বলে জানিয়েছে পরিবার।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, শিশুটির মৃত্যুর ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও শোকের পরিবেশ বিরাজ করছে।

