চব্বিশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (আজ) সকালে তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর জাফরপাড়া গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন।
কবর জিয়ারত শেষে তিনি শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁর ত্যাগ ও সাহসের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
এ সময় জামায়াতের আমির বলেন, ‘আবু সাঈদসহ সব শহীদের স্বপ্ন বাস্তবায়নে আমরা ইনশা আল্লাহ সংগ্রাম চালিয়ে যাব। জনগণের আকাঙ্ক্ষা পূরণে ন্যায়, ইনসাফ ও জবাবদিহির বাংলাদেশ গড়তে সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই।’
তরুণ ও যুবক ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘যুবকদের কথা দিচ্ছি—আল্লাহ তৌফিক দিলে তোমাদের প্রত্যাশার বাংলাদেশ আমরা গড়ব ইনশা আল্লাহ। এই সমাজের চাবি ও নেতৃত্ব তোমাদের হাতে তুলে দিয়ে আমরা পেছন থেকে শক্তি ও সাহস জোগাব।’
আগামী নির্বাচনে যুবকদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘তোমরা তৈরি হও—আগামী নির্বাচনে তোমাদের ভোটের প্রতিফলন হোক। তোমরা তোমাদের পছন্দমতো ভোট দেবে। কেউ যেন ভোট নিয়ে হেলাফেলা করতে না পারে, সে জন্য যোদ্ধার মতো আবারও লড়াই করতে হবে। জনতার বিজয় ছিনিয়ে আনতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি—আমাদের যুবকেরা তা পারবে।’
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন, জামায়াতে ইসলামী মনোনীত রংপুর-৬ আসনের প্রার্থী মাওলানা নুরুল আমিন, রংপুর-৪ আসনের প্রার্থী ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহসহ জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা।
কবর জিয়ারত শেষে জামায়াতের আমির সড়কপথে গাইবান্ধার পলাশবাড়ীর উদ্দেশে রওনা দেন। সেখানে তিনি একটি নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

