জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত ও আধিপত্যবাদমুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায় জামায়াতে ইসলামী। তিনি বলেন, আমরা বিভক্তির বাংলাদেশ চাই না, আমরা ঐক্যের বাংলাদেশ চাই।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে ১০–দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বগুড়ার বিভিন্ন আসনের সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদের হাতে দলীয় প্রতীক তুলে দেন। পরে তিনি শেরপুরের আরেকটি জনসভায় অংশ নেন।
শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে আল্লাহর সাহায্য, জনগণের ভালোবাসা ও ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে সবাইকে নিয়েই দেশ পরিচালনা করা হবে। তিনি বগুড়াকে উত্তরবঙ্গের রাজধানীখ্যাত উল্লেখ করে বলেন, দায়িত্ব পেলে বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করা হবে এবং সেখানে একটি সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।
দুর্নীতি প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, গত সাড়ে ১৫ বছরে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে। এসব অর্থ জনগণের সম্পদ উল্লেখ করে তিনি বলেন, তা ফিরিয়ে এনে উন্নয়ন খাতে ব্যয় করা হবে। পাশাপাশি সুদের জট নিরসন ও রাষ্ট্রীয় অর্থ লুটপাট বন্ধের অঙ্গীকার করেন তিনি।
চাঁদাবাজি প্রসঙ্গে তিনি বলেন, চাঁদার কারণে কৃষক ও ভোক্তা উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্ষমতায় গেলে চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে বলে জানান তিনি। জামায়াতে ইসলামীকে নির্যাতিত দল উল্লেখ করে তিনি দাবি করেন, দলটির কেউ কখনও সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা নেয়নি।
নারীদের নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার করে শফিকুর রহমান বলেন, নারীদের ঘরে ও বাইরে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ বিষয়ে সরকারের জিরো টলারেন্স নীতি থাকবে।
যুবসমাজ প্রসঙ্গে তিনি বলেন, বেকার ভাতা নয়, বরং যুবকদের দক্ষ করে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। শিক্ষিত যুবকদের মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের মাধ্যমে দেশ গঠনে সম্পৃক্ত করার অঙ্গীকার করেন তিনি।

