সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

উন্নয়ন, কর্মসংস্থান ও চিকিৎসা—ফেনীর জন্য তারেক রহমানের ত্রিমুখী প্রতিশ্রুতি

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে ফেনী অঞ্চলে একটি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপন এবং একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ নির্মাণ করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

- Advertisement -

রোববার (২৫ জানুয়ারি) ফেনী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘ফেনী আমার নানাবাড়ির এলাকা। এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণে আমরা অঙ্গীকারবদ্ধ। বিএনপি সরকার গঠন করলে ফেনী অঞ্চলে ইপিজেড স্থাপন করা হবে, যাতে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। পাশাপাশি এখানে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে।’

তিনি বলেন, ‘নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর অঞ্চলের মানুষের যেমন বিএনপির কাছে দাবি আছে, তেমনি বিএনপিরও আপনাদের কাছে একটি বড় দাবি আছে—ধানের শীষকে বিজয়ী করা।

আমরা যা বলি, তা বাস্তবায়নের চেষ্টা করি। গত ১৫ বছর মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার পালিয়েছে, এখন দেশ ও মানুষের ভাগ্য পরিবর্তনের সুযোগ এসেছে।’

জনগণই রাষ্ট্রক্ষমতার উৎস উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে নিয়ে ব্যস্ত না থেকে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে মনোযোগ দিতে হবে।

নারী ও কৃষকদের জন্য বিশেষ উদ্যোগের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করলে নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু করা হবে। তিনি বলেন, ‘ফ্যামিলি কার্ডের সহায়তা হয়তো পুরো মাসের জন্য যথেষ্ট নয়, কিন্তু অন্তত এক সপ্তাহের অভাব দূর করতে পারবে।’

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে সারা দেশে উন্নত হেলথকেয়ার ব্যবস্থা চালুর অঙ্গীকার করে তিনি বলেন, ‘দুর্নীতির লাগাম টেনে ধরতে এবং পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে হলে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে বিজয়ী করতে হবে। দেশনেত্রী খালেদা জিয়ার এলাকা হিসেবে ফেনীর মানুষের দায়িত্ব অন্য যেকোনো এলাকার চেয়ে বেশি।’

ভোটাধিকার রক্ষার আহ্বান জানিয়ে তিনি নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে বলেন, ‘ভোটের দিন তাহাজ্জুদের ওয়াক্তে উঠবেন, ভোটকেন্দ্রের সামনে জামাতে নামাজ আদায় করবেন। নিজের ভোট দিয়ে নিশ্চিত না হয়ে ঘরে ফিরবেন না। কোনো ষড়যন্ত্র যেন আপনাদের অধিকার কেড়ে নিতে না পারে, সে বিষয়ে সজাগ থাকতে হবে।’

তারেক রহমান আরও বলেন, ‘ধানের শীষ যতবার ক্ষমতায় এসেছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। এবার সরকার গঠন করতে পারলে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অসমাপ্ত উন্নয়ন কাজগুলো নতুন করে শুরু করা হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও