ঢাকা-৮ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আবারও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজে এ ঘটনা ঘটে। এ সময় কলেজে আয়োজিত একটি পিঠা উৎসবে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
এ ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।
দলের নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম বলেন, পিঠা উৎসবে যোগ দিতে গেলে পরিকল্পিতভাবে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালানো হয়।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, “আজকে যেটা হয়েছে, সেটা খুবই দুঃখজনক। এটাকে অস্বীকার করার চেষ্টা আরও বেশি ন্যক্কারজনক। হাবিবুল্লাহ বাহার কলেজের চিহ্নিত সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এই হামলা করেছে। মির্জা আব্বাসের নির্দেশে এবং তারেক রহমানের সম্মতিতেই এ ঘটনা ঘটেছে।”
তিনি আরও বলেন, “একদিকে মঞ্চে উঠে ভালো ভালো কথা বলবেন, অন্যদিকে বিরোধীদের সন্ত্রাসী কায়দায় দমন করবেন—এটা মেনে নেওয়া যায় না। আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসনের চেষ্টা হতে দেব না।”
নাহিদ ইসলাম বলেন, এ ঘটনার বিষয়ে কলেজ প্রশাসন ও বিএনপি দলীয়ভাবে কী ব্যবস্থা নেয়, তা তারা দেখতে চান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “বাকি জবাব রাজপথে দেব, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দেব।”
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাহাৎ খান জানান, ঘটনার সময় পুলিশ সেখানে উপস্থিত ছিল এবং উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণের চেষ্টা করেছে।
উল্লেখ্য, এর আগে গত শুক্রবার সন্ধ্যায় সিদ্ধেশ্বরীর গোল্ডেন প্লাজা গলি এলাকায় নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী প্রচারণার পথসভায় ময়লা পানি ও ডিম নিক্ষেপ করা হয়। তখন তিনি ওই ঘটনার জন্য চাঁদাবাজদের দায়ী করেছিলেন। তিনদিনের ব্যবধানে ফের ডিম নিক্ষেপের ঘটনা ঘটল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ফুটেজে দেখা যায়, নাসীরুদ্দীন পাটওয়ারী কলেজে পৌঁছালে একদল ব্যক্তি ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিয়ে তাঁকে ঘিরে ধরে। পরিস্থিতি উত্তপ্ত হলে তিনি কর্মীদের সঙ্গে কলেজের একটি ভবনের বারান্দায় অবস্থান নেন। পরে তাঁকে লক্ষ্য করে একের পর এক ডিম নিক্ষেপ করা হয়। এ সময় তাঁর কর্মীরা ‘নারায়ে তকবির, আল্লাহু আকবার’ স্লোগান দেন।
পরে কলেজ থেকে বের হয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী সামনের রাস্তায় বসে পড়েন। সেখানে সাংবাদিকদের তিনি অভিযোগ করেন, ছাত্রদলের কর্মীরাই এই হামলা চালিয়েছে। তিনি বলেন, “এরা অরিজিনাল ছাত্রদল নয়, এখানে মির্জা আব্বাসের আলাদা বাহিনী কাজ করছে।”
হামলার প্রতিবাদে বেলা ২টার দিকে ফকিরাপুল মোড়ে এনসিপির নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন পাটওয়ারীর উপস্থিতিতে নাহিদ ইসলাম আবারও তারেক রহমান ও মির্জা আব্বাসকে এই হামলার জন্য দায়ী করেন। একই সঙ্গে তিনি জানান, এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন।

