সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

উন্নয়ন, কর্মসংস্থান ও ভোটাধিকার — তারেক রহমানের বার্তা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি মহল ভেতরে–ভেতরে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন যেন কেউ বানচাল করতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে।

- Advertisement -

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে রাজশাহীর হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, গত ১৬ বছরে দেশবাসী নিশিরাতের নির্বাচন, ডামি নির্বাচন ও গায়েবি নির্বাচন দেখেছে। এসব নির্বাচনে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। যারা ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, তারা চলে গেলেও এখনো একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে।

২২ বছর পর রাজশাহীতে জনসভায় অংশ নেওয়ার কথা স্মরণ করে তিনি বলেন, রাজশাহীর মানুষের সঙ্গে তার আত্মার সম্পর্ক রয়েছে।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, ধানের শীষ বিজয়ী হলে রাজশাহীতে আইটি পার্ক সচল করা হবে, তরুণদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। পাশাপাশি পদ্মা ব্যারেজ নির্মাণ, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) পুনরুজ্জীবন এবং কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে।

তিনি জানান, প্রত্যেক কৃষকের হাতে কৃষি কার্ড দেওয়া হবে, যাতে সার, বীজ ও ঋণ সরাসরি কৃষকের কাছে পৌঁছায়। নারীদের জন্য দলমত নির্বিশেষে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার ঘোষণাও দেন তিনি।

তারেক রহমান বলেন, রাজশাহীতে বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলা হবে, যাতে মানুষকে চিকিৎসার জন্য বিদেশে যেতে না হয়। এতে বৈদেশিক মুদ্রাও দেশে থাকবে।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাফজুর রহমান।

সর্বশেষ

এই বিভাগের আরও