নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ফেরি উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে নলছিরা ফেরিঘাট এলাকায় নৌপরিবহন মন্ত্রণালয়ের পূর্বঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরি উদ্বোধন উপলক্ষে বিএনপি ও এনসিপির নেতাকর্মীরা নলছিরা ঘাট এলাকায় জড়ো হন। এ সময় পাল্টাপাল্টি স্লোগানকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও পরে সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
নলছিরা ঘাট এলাকার এক বাসিন্দা বলেন, “ফেরি চালুর কৃতিত্ব কে নেবে—এটা নিয়েই দুই পক্ষের মধ্যে ঝামেলা শুরু হয়। পরে তা মারামারিতে গড়ায়।”
ঘটনার পর এনসিপির পক্ষ থেকে বিএনপির বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। একই সঙ্গে এনসিপির প্রার্থী আব্দুল হান্নান মাসউদ এ ঘটনার প্রতিবাদে হাতিয়া থানা ঘেরাও কর্মসূচি ঘোষণার কথা জানান।
তিনি অভিযোগ করে বলেন, “পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের ব্যবহার করে বিএনপি প্রার্থী মাহবুবের রহমান শামীম হাতিয়ায় সন্ত্রাসের রাজনীতি কায়েম করতে চাইছেন।”
অন্যদিকে বিএনপির প্রার্থী মাহবুবের রহমান শামীম এসব অভিযোগ অস্বীকার করে বলেন, “কারা সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে, হাতিয়ার মানুষ তা জানে। বিনা কারণে এনসিপির লোকজনই আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে।” তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
হাতিয়া থানার ওসি মো. সাইফুল আলম বলেন, “সংঘর্ষের খবর পেয়েছি। আহতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত নয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

