নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.) বলেছেন, “নির্বাচন কমিশনের নতুন কোনো চ্যালেঞ্জ নেই। সবই আপনারা জানেন। আমাদের প্রধান কাজ সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা।”
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল ৪টায় পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সভায় জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহিদ হোসেন চৌধুরী সভাপতিত্ব করেন। এছাড়া উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আবু ইউসুফ এবং বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তারা।
সানাউল্লাহ আরও বলেন, “গণভোট অধ্যাদেশের ২১ নম্বর ক্যাটাগরিতে বলা হয়েছে, সাধারণ নির্বাচনের যেসব ভায়োলেশন আছে, গণভোটের ক্ষেত্রেও সেগুলো ভায়োলেশন হিসেবে গণ্য হবে। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কোনো পক্ষ অবলম্বন করতে পারবেন না, কোনো প্রচার-প্রচারণার সুযোগ নেই।”
তিনি স্পষ্ট করেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা জনগণকে ভোট সম্পর্কে অবহিত করতে বা সচেতন করতে পারবেন, কিন্তু ‘হ্যাঁ’ বা ‘না’-র পক্ষে কোনো অবস্থান নেওয়া যাবে না।
নির্বাচনী পরিবেশ নিয়ে তিনি বলেন, “নির্বাচনের সময় কিছু প্রতিদ্বন্দ্বিতা ও শব্দচয়ন হয়। সমর্থকদের মধ্যে কিছু ইনফেরিয়র কাজ হতে পারে। এগুলো যেন সীমিত হয়, সেটিই আমাদের বার্তা। আমরা চাই না নির্বাচনকে কেন্দ্র করে অস্থিরতা তৈরি হোক।”
প্রচার-সংক্রান্ত বিধিনিষেধ প্রসঙ্গে তিনি বলেন, “বিলবোর্ডে কোনো রঙিন ব্যবহারে নিষেধাজ্ঞা নেই। নিষেধাজ্ঞা আছে ব্যানার, ফেস্টুন ও হ্যান্ডবিলের ক্ষেত্রে। বিলবোর্ড ডিজিটাল হওয়ায় সাদা করার প্রয়োজন নেই।”
সানাউল্লাহ আশা প্রকাশ করেন, “আমরা চাই শতভাগ মানুষ ভোটকেন্দ্রে আসুক। এজন্য সহায়ক পরিবেশ ও পরিস্থিতি তৈরি করা হচ্ছে। ইনশাআল্লাহ মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে।”

