সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

১৮ কোটি মানুষের আইনশৃঙ্খলা রক্ষা ‘ডিফিকাল্ট’—জাহাঙ্গীর আলম

স্টাফ রিপোর্টার

দেশের প্রায় ১৮ কোটি মানুষের আইনশৃঙ্খলা রক্ষা করা একটি কঠিন কাজ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

- Advertisement -

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সাংবাদিকদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আপনারা সবসময় বলেন, আমরা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারি না। দেখেন, এখানে আপনারা কয়জন সাংবাদিক—এই কয়জনের কথা বলাটাই বন্ধ করতে অনেক সময় লেগে যায়। সেখানে দেশের ১৮ কোটি মানুষের আইনশৃঙ্খলা রক্ষা করা অনেক ডিফিকাল্ট কাজ।”

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনের জন্য ভালোভাবেই প্রস্তুত রয়েছে। তাদের প্রস্তুতি অনুযায়ী কাজ এগিয়ে গেলে নির্বাচন হবে সুষ্ঠু, উৎসবমুখর এবং সম্পূর্ণভাবে ফেয়ার। কোনো ধরনের অসুবিধা হবে না বলেও আশ্বাস দেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফেসবুকসহ সামাজিক মাধ্যমে বর্তমানে যে মাত্রার স্বাধীনতা দেখা যাচ্ছে, অতীতে তা ছিল না। এক প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করে বলেন, “ফেসবুক বা ইন্টারনেট বন্ধ করা এখন আর গ্রহণযোগ্য নয়। কেউ যদি এ ধরনের উদ্যোগ নেয়, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সবাই স্বাধীনভাবে লিখবেন, মত প্রকাশ করবেন।”

তিনি আরও বলেন, অতীতে সাংবাদিকরাও নিয়ন্ত্রণের মধ্যে ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে গিয়ে প্রশ্ন করার সাহস অনেক সময় পেতেন না। বর্তমানে সেই পরিবেশ বদলে গেছে এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত হয়েছে।

চট্টগ্রামে নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে উল্লেখ করে তিনি বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ সমন্বিতভাবে কাজ করছে বলেও জানান তিনি।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন এবং জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

সর্বশেষ

এই বিভাগের আরও