এক বছরে প্রায় ১ কোটি ২৩ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ২০২৫ সালের জুনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৫ কোটি ৬২ লাখ ৮৮ হাজার ৮০৬ টাকা।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার আয় ও সম্পদের বিবরণী প্রকাশ করে।
প্রকাশিত নথি অনুযায়ী, ২০২৪ সালের ৩০ জুন প্রধান উপদেষ্টার মোট সম্পদের পরিমাণ ছিল ১৪ কোটি ৩৯ লাখ ৩৯ হাজার ৬৭৭ টাকা। এক বছরের ব্যবধানে তা বেড়ে ২০২৫ সালের ৩০ জুনে দাঁড়িয়েছে ১৫ কোটি ৬২ লাখ ৮৮ হাজার ৮০৬ টাকায়।
এ সময় তার কোনো ব্যক্তিগত বা ব্যবসায়িক দায় যুক্ত হয়নি। ফলে সম্পদ বৃদ্ধির পুরো প্রভাব সরাসরি মোট সম্পদের হিসাবেই যুক্ত হয়েছে।
নথিতে দেখা যায়, ২০২৪ সালের জুনে প্রধান উপদেষ্টার আর্থিক সম্পদ ছিল ১০ কোটি ১৮ লাখ ৭১ হাজার ৪০০ টাকা, ২০২৫ সালের জুনে তা বেড়ে হয়েছে ১২ কোটি ৬৫ লাখ ৫৮ হাজার ৮০৩ টাকা।
অন্যদিকে, আর্থিক বর্হিভূত সম্পদ ২০২৪ সালে ছিল ১ কোটি ২৫ লাখ ৬০ হাজার টাকা, যা ২০২৫ সালে বেড়ে দাঁড়ায় ২ কোটি ৯৫ লাখ ৬০ হাজার টাকায়।
প্রধান উপদেষ্টার দেশের বাইরে থাকা সম্পদের পরিমাণও বেড়েছে। ২০২৪ সালে বিদেশে তার সম্পদের পরিমাণ ছিল ৬১ লাখ ৭৫ হাজার ৭৪০ টাকা, যা ২০২৫ সালে বেড়ে হয়েছে ৬৪ লাখ ৭৩ হাজার ৪১৪ টাকা।
একই সময়ে প্রধান উপদেষ্টার স্ত্রী আফরোজী ইউনূসের সম্পদও বেড়েছে। ২০২৪ সালের জুনে তার মোট সম্পদ ছিল ২ কোটি ১১ লাখ ৯৯ হাজার ২৭৪ টাকা, যা ২০২৫ সালের জুনে বেড়ে দাঁড়ায় ২ কোটি ২৭ লাখ ৬৩ হাজার ৬০ টাকায়। নথিতে তার নামে বিদেশে কোনো সম্পদ কিংবা ব্যক্তিগত বা ব্যবসায়িক দায়ের তথ্য দেখানো হয়নি।
মন্ত্রিপরিষদ বিভাগের প্রকাশিত নথির ‘মন্তব্য’ অংশে বলা হয়েছে— সঞ্চয়পত্র নগদায়ন, সঞ্চয়ী ও মেয়াদি আমানত বৃদ্ধি এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত শেয়ারসহ বিভিন্ন কারণে প্রধান উপদেষ্টার মোট সম্পদ বেড়েছে।
ছাত্র-জনতার আন্দোলনের পর ২০২৪ সালের ৮ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। এরপর থেকেই উপদেষ্টাদের সম্পদের হিসাব প্রকাশের দাবি জানিয়ে আসছিল নাগরিক সমাজ।
এর পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের সেপ্টেম্বরে আয় ও সম্পদ বিবরণী জমার নীতিমালা অনুমোদন দেয় সরকার। নীতিমালা অনুযায়ী, প্রতি বছর আয়কর জমার শেষ তারিখের পরবর্তী ১৫ কর্মদিবসের মধ্যে উপদেষ্টাদের সম্পদ বিবরণী জমা দেওয়ার বিধান রয়েছে।
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোটের দুই দিন আগে এবারই প্রথম উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ করল মন্ত্রিপরিষদ বিভাগ।

